আলুর কেজি ১২ টাকা, তবু সবজির বাজারে স্বস্তি নেই ক্রেতাদের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩২ বিকাল
  • ১৯৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হাট-বাজারে প্রতি কেজি পুরোনো আলু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকায়। নতুন আলু বাজারে না আসায় পুরোনো আলুর দামে বড় ধরনের দরপতন হয়েছে। তবে আলুর দাম কমলেও অন্যান্য অধিকাংশ সবজির দাম চড়া থাকায় স্বস্তি ফিরছে না ক্রেতাদের মধ্যে।

শুক্রবার (২০ নভেম্বর) ক্ষেতলাল পৌর এলাকার ইটাখোলা হাট ঘুরে দেখা যায়, বাজারে শীতকালীন বিভিন্ন ধরনের শাক-সবজির সরবরাহ রয়েছে। তবে অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি দামে। ফলে বাজারে পণ্যের উপস্থিতি থাকলেও ক্রেতাদের বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।

হাটের খুচরা সবজি ব্যবসায়ী আশরাফ মোল্লার দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি কেজি নতুন পাতা পেঁয়াজ ২৫ টাকা, আমদানি করা পেঁয়াজ ৩০ টাকা এবং দেশি পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া আদা ১৬০, রসুন ১০০, কাঁচা মরিচ ৪০, বেগুন ৫০, পটোল ৪০, গাজর ১২০, করলা ৮০, শিম ৭০, মুলা ৩০, টমেটো ১২০, শসা ৪০, পুরোনো আলু ১২ থেকে ১৫, মিষ্টিকুমড়া ৪০ এবং কাঁচা পেঁপে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মসলাজাতীয় পণ্যের মধ্যে প্রতি কেজি শুকনা মরিচ ৪৪০ টাকা, গুঁড়া মরিচ ৫০০ টাকা এবং গুঁড়া হলুদ ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা ভাসিলা গ্রামের সামছুল ইসলামসহ কয়েকজন ক্রেতা জানান, সাধারণত শীতকালীন নতুন সবজি বাজারে উঠতে শুরু করলে দাম কমে আসে। কিন্তু এবার সেই চিত্র দেখা যাচ্ছে না। আলুর দাম কমলেও অন্যান্য প্রায় সব ধরনের সবজির দাম বেশি থাকায় নিত্যপ্রয়োজনীয় বাজার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

তাঁদের প্রত্যাশা, শীতকালীন সবজির সরবরাহ আরও বাড়লে বাজারে দাম কমবে। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে সবজির দাম ফিরে আসবে এবং বাজারে কিছুটা স্বস্তি ফিরবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad