আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ জেলার ছয়টি নির্বাচনী এলাকায় দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য পরিচয়পত্র ও যানবাহন স্টিকার প্রদানের বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক জারিকৃত “নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা-২০২৬” অনুসরণে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের এ পরিচয়পত্র ও স্টিকার দেওয়া হবে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-১ থেকে সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত দৈনিক, সাপ্তাহিক, ইলেকট্রনিক গণমাধ্যম, সরকার অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল এবং নিউজ এজেন্সিতে কর্মরত সাংবাদিকরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) বিকাল ৪টার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় অথবা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট গণমাধ্যমের অফিসিয়াল প্যাডে সম্পাদক/চিফ রিপোর্টার/বার্তা প্রধানের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে সাংবাদিক পরিচয়পত্র বা পিআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।
যেসব সাংবাদিক গাড়ি বা মোটরসাইকেলের জন্য স্টিকার নিতে আগ্রহী, তাদের গাড়ির রেজিস্ট্রেশন কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন ও ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে।
তবে পিআইডি অ্যাক্রেডিটেশন কার্ড ব্যতীত ফ্রিল্যান্স সাংবাদিকদের আবেদন গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সমস্ত আবেদন যাচাই-বাছাই শেষে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সাংবাদিক পরিচয়পত্র ও যানবাহন স্টিকার প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল ইসলাম সাংবাদিকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার আহ্বান জানান।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ