প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানি বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানি বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, আমরা শিশুদের শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছি। প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের ব্যাগ, ড্রেস, জুতা দেওয়ার ব্যবস্থা করছি। প্রাইমারি স্কুলের শিক্ষকদের সম্মানি বাড়ানোর ব্যবস্থা করছি।
প্রধানমন্ত্রী বলেন, এই সরকার জনগণের নির্বাচিত সরকার, জবাবদিহিমূলক সরকার। সেই কারণেই দ্রুততার সঙ্গে যেখানেই সমস্যা হোক ব্যবস্থা করতে চেষ্টা করেছি।
তিনি বলেন, বেশকিছু অঞ্চল ভারী বর্ষণে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস দেখে নির্দেশনা দিয়েছিলাম, ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য। আমাদের প্রথম দায়িত্বই হচ্ছে, জনগণের দেখভাল করা।
প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের তাপ বাংলাদেশেও লেগেছে। মানুষ কষ্ট পেয়েছে। এই সংকট নিরসনে বিরোধীদলের প্রস্তাব মেনে যৌথ কমিটি গঠন করেছি। উভয় পক্ষ বসে নিশ্চয় এই সমস্যা সমাধান করতে পারবো।
তারেক রহমান বলেন, বাধ্য হয়ে বিদেশে অনেকদিন থাকতে হয়েছে। এর আগে দেশে থাকতে দলীয় কাজে সারাদেশ সফর করেছি। তখন মনে হয়েছে, পরিকল্পনা সফল করতে হলে নারীদের অবজ্ঞা করে পেছনে ফেলে রাখলে দেশের উন্নয়ন হবে না। বিএনপি ক্ষমতায় থাকতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করেছিলাম। স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভালো ফলাফল করলে উপবৃত্তির ব্যবস্থা করা হবে।

প্রথম দর্পণ,ডেস্ক