কার্ডের সুফল না পেলে ‘লাল কার্ড’ কর্মসূচির হুঁশিয়ারি এনসিপির
রাজশাহীতে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনগণ সরকারি বিভিন্ন কার্ডের সুফল না পেলে তারাও ‘লাল কার্ড’ কর্মসূচি ঘোষণা করবে।
শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কোটা বৈষম্যবিরোধী আন্দোলনে আবু সাঈদ ও ওয়াসিমদের আত্মত্যাগের যে স্বপ্ন ছিল, বর্তমান সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার উন্নয়নের পরিবর্তে বিভিন্ন ধরনের কার্ড তৈরিতে ব্যস্ত।
তিনি বলেন, “শুধু কার্ড দিয়ে জনগণকে সন্তুষ্ট রাখা যাবে না। মানুষের মৌলিক অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।”
ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্রের স্বার্থ সবার আগে হওয়া উচিত। সীমান্ত হত্যা ও পানিবণ্টন ইস্যুতে কোনো আপস না করার আহ্বান জানিয়ে তিনি রাজশাহীর জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনে ভারত অভিমুখে লংমার্চের ঘোষণাও দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মোবাশ্বের আলী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর, এস এম সাইফ মোস্তাফিজ, নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) সারজিস আলম।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক