হরমুজ প্রণালীতে কড়াকড়ি বাড়াল ইরান, সামরিক নিয়ন্ত্রণের দাবি
বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। একই সঙ্গে প্রণালীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসি জানিয়েছে, এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে যেকোনো ধরনের নৌযান চলাচলের আগে ইরানের সামরিক বাহিনী ও আইআরজিসির সঙ্গে পূর্ব সমন্বয় করতে হবে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী বা শত্রুভাবাপন্ন দেশের সামরিক জাহাজকে এই পথ ব্যবহার করতে দেওয়া হবে না বলেও সতর্ক করেছে তেহরান।
হরমুজ দ্বীপের দক্ষিণাঞ্চলীয় রেড বিচ এলাকা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে ইতোমধ্যে নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। আইআরজিসির নৌবাহিনী দাবি করেছে, পুরো প্রণালী এখন তাদের কঠোর সামরিক পর্যবেক্ষণের আওতায় রয়েছে।
তবে ইরান বলেছে, বন্ধুভাবাপন্ন দেশগুলোর বাণিজ্যিক ও সাধারণ নৌযান আগের মতোই এই পথ ব্যবহার করতে পারবে।
আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল কিছুটা বেড়েছিল। বিশেষ করে চীনা কোম্পানির প্রায় ৩০ থেকে ৪০টি জাহাজ এই রুট ব্যবহার করেছে বলে জানা গেছে।
তবে আইআরজিসির নতুন ঘোষণার পর গত ২৪ ঘণ্টায় অন্য কোনো জাহাজ চলাচলের খবর পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের এমন কঠোর অবস্থান আন্তর্জাতিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।
সূত্র: Al Jazeera

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক