সিরাজগঞ্জের সলঙ্গায় মিথ্যা মামলা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চরিয়া মধ্যপাড়া গ্রামবাসী।
শুক্রবার (২২ মে) দুপুর ১২টায় ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল এলাকায় অবস্থিত মামা-ভাগ্নে হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আসলাম হোসেন, আল আমিন মণ্ডলসহ স্থানীয় গ্রামবাসীরা।
বক্তারা বলেন, গত ১২ মে নাইমুরী এলাকা থেকে এক তরুণী চরিয়া মধ্যপাড়ার রাকিবের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের দুলাভাই সোলায়মান হোসেন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর তথ্য দিয়ে স্থানীয় একটি পত্রিকায় ভিত্তিহীন সংবাদ প্রকাশ করানো হয়েছে বলেও দাবি করেন তারা।
তারা আরও বলেন, “আমরা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে প্রশাসনের কাছে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত গ্রামবাসীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক