মেসির ইনজুরিতে উদ্বেগ, ১০ গোলের রোমাঞ্চকর ম্যাচে ইন্টার মায়ামির নাটকীয় জয়

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২৫ মে ২০২৬, ১২:৪৮ দুপুর
  • ৩২৯২৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মেসির ইনজুরিতে উদ্বেগ, ১০ গোলের রোমাঞ্চকর ম্যাচে ইন্টার মায়ামির নাটকীয় জয়


মেজর লিগ সকারে গোলবন্যার এক রোমাঞ্চকর ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৬-৪ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে নেয় লিওনেল মেসির দল। তবে ম্যাচের সবচেয়ে বড় দুঃসংবাদ ছিল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ইনজুরি।

ম্যাচের ৭৩তম মিনিটে বাঁ ঊরুতে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন মেসি। এরপর ধীরে ধীরে লকার রুমের দিকে চলে যান তিনি। বিশ্বকাপের আগে এটিই ছিল ইন্টার মায়ামির হয়ে তার শেষ ম্যাচ—এমন আলোচনা থাকায় তার চোট নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

ফিলাডেলফিয়ার নু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। মাত্র ১০ মিনিটের মধ্যেই মিলান ইলোস্কির জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে দ্রুতই ম্যাচে ফেরে ইন্টার মায়ামি। মেসির তৈরি করা সুযোগ থেকে ব্যবধান কমান জার্মান বার্তারেরা।

এরপর ব্রুনো দামিয়ানি গোল করে ফিলাডেলফিয়ার লিড ৩-১ করেন। কিন্তু সেই চাপের পরই ম্যাচে ফিরে আসে মায়ামি। বার্তারেরার দ্বিতীয় গোল এবং লুইস সুয়ারেজের জোড়া আঘাতে বিরতির আগেই ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

তবে প্রথমার্ধের নাটক এখানেই শেষ হয়নি। ভিএআর পর্যালোচনায় পাওয়া হ্যান্ডবলের সিদ্ধান্তে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন ইলোস্কি। ফলে ৪-৪ সমতায় শেষ হয় প্রথমার্ধ—যা এমএলএস ইতিহাসে প্রথমার্ধে সর্বোচ্চ আট গোলের রেকর্ড স্পর্শ করে।

দ্বিতীয়ার্ধে বৃষ্টির কারণে খেলার গতি কিছুটা কমে আসে। এরপর মেসি মাঠ ছাড়লেও আক্রমণ থামায়নি মায়ামি। বার্তারেরার পাস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন লুইস সুয়ারেজ। পরে রদ্রিগো ডি পলের গোল মায়ামির জয় নিশ্চিত করে।

তবে ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনা চলছে মেসির ইনজুরি ঘিরে। বিশ্বকাপের আগে তার শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা শিবির। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযানে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad