আহত সাংবাদিক রাশিদুল হাসানের দ্রুত আরোগ্য কামনা করেছে জামায়াতে ইসলামী
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত ‘দ্য ডেইলি স্টার’-এর জ্যেষ্ঠ প্রতিবেদক রাশিদুল হাসানের দ্রুত আরোগ্য কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ সমবেদনা জানান।
বিবৃতিতে বলা হয়, গত রোববার দুপুরে কর্মস্থলে যাওয়ার পথে হাতিরঝিলে একটি স্পিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হন সাংবাদিক রাশিদুল হাসান। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
দলের পক্ষ থেকে আরও বলা হয়, এই মর্মান্তিক ঘটনায় গভীরভাবে ব্যথিত ও মর্মাহত।
এতে আরও উল্লেখ করা হয়, উক্ত স্পিড ব্রেকারে কোনো সাদা রঙের প্রলেপ বা দূর থেকে দৃশ্যমান সতর্কতামূলক চিহ্ন ছিল না, যা নগরীর ব্যস্ত সড়কে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে নির্দেশ করে। এ ধরনের অনিরাপদ ও ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থাপনা অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করা হয়।
বিবৃতিতে রাজধানীর প্রতিটি সড়কের স্পিড ব্রেকারে যথাযথ মার্কিং নিশ্চিত করা এবং নগরবাসীর নিরাপদ চলাচলের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
শেষে অ্যাডভোকেট জুবায়ের সাংবাদিক রাশিদুল হাসানের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর দরবারে তার আরোগ্যের জন্য দোয়া করেন।

প্রথম দর্পণ,ডেস্ক