সাংবাদিকদের আধুনিক প্রশিক্ষণ ও বিদেশে অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়ানোর উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী
সাংবাদিকদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রশিক্ষণ এবং বিদেশে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শুক্রবার রাতে ময়মনসিংহের নান্দাইলে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে আগামী সপ্তাহ থেকেই নতুন উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যুক্তরাজ্যের লন্ডনে বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অভিজ্ঞতার আলোকে সাংবাদিকদের বিদেশে প্রশিক্ষণের সুযোগ তৈরির বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, প্রতি বছর বাংলাদেশ থেকে অন্তত ৪০ থেকে ৫০ জন সাংবাদিককে বিদেশে প্রশিক্ষণের সুযোগ দেওয়ার বিষয়ে তিনি উদ্যোগ নিয়েছেন।
স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে তিনি জানান, এশিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে নান্দাইল থেকে যোগ্য সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করা হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র সমুন্নত রাখা এবং স্থানীয় উন্নয়ন এগিয়ে নিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও ঘোষণা দেন, স্থানীয় সাংবাদিকরা জায়গার ব্যবস্থা করতে পারলে সরকারিভাবে একটি আধুনিক ভবন নির্মাণ করা হবে। সেখানে একটি কমিউনিটি হল থাকবে, যা ভাড়া দিয়ে প্রেস ক্লাবের নিজস্ব তহবিল গঠন করা সম্ভব হবে।
ভুল তথ্য ও অপতথ্য রোধে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রচার করা উচিত নয়। এ ধরনের অপতথ্য নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
এছাড়া অনলাইন সংবাদপত্রের নিবন্ধন বাধ্যতামূলক করার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
উন্নত বিশ্বের উদাহরণ টেনে তিনি বলেন, অনলাইন সংবাদ পড়ার ক্ষেত্রে সাবস্ক্রিপশন বা নিবন্ধন ব্যবস্থার বিষয়টিও সরকার বিবেচনা করছে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, থানা, ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্র কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দালালদের শনাক্ত করা হবে।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের কারণে ইতোমধ্যে ৮২টি টেন্ডার বাতিল করা হয়েছে বলেও তিনি জানান।
শেষে তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সীমিত বাজেটের কারণে প্রকৃত দুস্থ সাংবাদিকদের অগ্রাধিকার দিয়ে সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে একটি আধুনিক ও উন্নয়নমুখী নান্দাইল গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

মোঃ জাকির হোসাইন,সম্পাদক