সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে পুলিশ। একই সঙ্গে দীর্ঘদিনের যানজট নিরসনে পরিচালিত অভিযানে মাত্র ১০ মিনিটের মধ্যেই মহাসড়ক ও আশপাশের এলাকার যান চলাচল স্বাভাবিক করা হয়।
রোববার (৭ জুন) বিকেল ৪টার দিকে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সলঙ্গা ও রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুইয়াগাঁতী ওভারব্রিজের নিচে এবং আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট স্থাপন করায় সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের অনিয়ন্ত্রিত ও অবৈধ স্ট্যান্ডের কারণে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল।
অভিযানকালে সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। একই সঙ্গে মহাসড়কে অবস্থান নেওয়া যানবাহনগুলোকে নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই পুরো এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, “সড়ক ও সরকারি জায়গা দখল করে কোনো অবৈধ স্থাপনা কিংবা অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল বরদাশত করা হবে না। জনসাধারণের দুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ পুনরায় সড়ক দখলের চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে ভুইয়াগাঁতী এলাকায় যানজট ও অবৈধ দখলমুক্ত পরিবেশ বজায় রাখা সম্ভব হবে। অন্যথায় কিছুদিনের মধ্যেই আবারও আগের পরিস্থিতি ফিরে আসার আশঙ্কা রয়েছে।

পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার