বেনাপোলে প্রকাশ্যে সাংবাদিক সেন্টুর ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগে মামলা

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, ০৫:২২ বিকাল
  • ৩৮১৭২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

যশোরের বেনাপোলে বাংলা টিভির প্রতিনিধি ও সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর প্রকাশ্যে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে শার্শা উপজেলার কাগজপুকুর বাজার মোড়ে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সেন্টু বাসা থেকে শার্শার দিকে যাচ্ছিলেন। পথে কাগজপুকুর বাজার মোড়ে পৌঁছালে ঝন্টু নামে এক ব্যক্তির নেতৃত্বে ৫ থেকে ৭ জনের একটি দল তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। একপর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু জানান, সকালে তার সেজো ভাইকে কেন্দ্র করে একটি তুচ্ছ বিষয় নিয়ে শার্শা থানায় সালিস হওয়ার কথা ছিল। ওই ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার পর শার্শা ও বেনাপোলের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপরও সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী বলেন, হামলার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

সাংবাদিকের ওপর এ হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad