গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম শেখ এবং সাধারণ সম্পাদক হয়েছেন এমদাদুল হক। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এস এম জহিরুল ইসলাম।
শনিবার রাতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভা ও নির্বাচন শেষে সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।
সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের মতামত ও সম্মতির ভিত্তিতে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। শ্রীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠনের প্রধান উপদেষ্টা আবু বকর সিদ্দিক আকন্দ নবনির্বাচিত কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি নাঈম মেহেদী, যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান আকন্দ, কোষাধ্যক্ষ সাদেক মিয়া এবং কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান শামীম, তাজুল ইসলাম সানি ও মাসুদ রানা।
এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় বিদায়ী সভাপতি তাজুল ইসলাম সানির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম ও সংগঠনের ঐক্য সুদৃঢ় করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় আয়-ব্যয়ের হিসাব এবং বার্ষিক কার্যক্রমের প্রতিবেদনও উপস্থাপন করা হয়।
নবনির্বাচিত সভাপতি সেলিম শেখ বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সংগঠনের ঐক্য অটুট রাখতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, বস্তুনিষ্ঠ, নৈতিক ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চায় সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করা হবে।
সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলাম বলেন, তরুণ ও অভিজ্ঞ সাংবাদিকদের সমন্বয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও আধুনিক সাংবাদিকতা চর্চার উপযোগী করে গড়ে তোলা হবে।
নতুন কমিটি গঠনের খবরে শ্রীপুরের সাংবাদিক মহলে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক