বিদেশে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ঘোষণা প্রধানমন্ত্রীর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৬, ০৫:৩৭ বিকাল
  • ২৪৩৩৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ বিদেশে পাচারের কোনো সুযোগ দেওয়া হবে না। যারা দেশের সম্পদ বিদেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে একটি রাজনৈতিক গোষ্ঠী জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় না করে বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার সেই সংস্কৃতি বন্ধ করতে বদ্ধপরিকর। জনগণের অর্থ জনগণের উন্নয়নেই ব্যয় করা হবে।

নারীর ক্ষমতায়নকে সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব চা-বাগানের নারী শ্রমিকদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। দেশের উন্নয়নকে টেকসই করতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও জানান, শ্রীমঙ্গলে ১৫০ জন চা-শ্রমিকের সন্তানকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী এক বছরের মধ্যে ৪০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হবে, যাতে গ্রামীণ জনগণ আরও উন্নত চিকিৎসাসেবা পায়।

জাতীয় বাজেট নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। জনকল্যাণমুখী এই বাজেটকে যারা জনবিরোধী বলে আখ্যা দেয়, তারা প্রকৃতপক্ষে জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করে না।

প্রধানমন্ত্রী জনগণকে বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জনগণই বিএনপির প্রধান শক্তি। দেশের ২০ কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও কর্মশক্তিকে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ, আধুনিক ও স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad