বগুড়ার ধুনট উপজেলায় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির প্রার্থী আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আশরাফুল কবীর রানা (৫২) উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ভান্ডারবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ধুনট থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ নির্বাচনী গণসংযোগে বের হলে তার গাড়িবহরে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলায় বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের ৪৪ জন নেতাকর্মীর নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক