নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়, প্রতিষ্ঠান পরিচালনায় নানা অনিয়ম এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তুলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোরদহ গাড়াবাড়ী দাখিল মাদ্রাসার সুপার নুরুল আলম আনছারীর স্থায়ী অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
শনিবার সকালে উল্লাপাড়া উপজেলার একটি রেস্টুরেন্টে মোরদহ, গাড়াবাড়ী, কাটার মহল ও চকবাঙ্গালা এলাকার বাসিন্দাদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট আবু তালেব। তিনি অভিযোগ করেন, সুপার নুরুল আলম আনছারীর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়, প্রতিষ্ঠান পরিচালনায় অনিয়ম এবং বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটানোর একাধিক অভিযোগ রয়েছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, এসব অনিয়মের প্রতিবাদ করায় কয়েকজন শিক্ষক ও কর্মচারী হয়রানির শিকার হয়েছেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের এবং গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।
এছাড়া অভিযোগ করা হয়, গত কয়েক বছরে সুপার হিসেবে দায়িত্ব পালনকালে মাদ্রাসার বিভিন্ন খাতের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব সংশ্লিষ্টদের সামনে উপস্থাপন করা হয়নি। একই সঙ্গে প্রতিষ্ঠানের নামে গোপন বৈঠক আয়োজন, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে বক্তারা উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সুপার নুরুল আলম আনছারীকে স্থায়ীভাবে অপসারণ করতে হবে। একই সঙ্গে মাদ্রাসায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে মোরদহ, গাড়াবাড়ী, কাটার মহল ও চকবাঙ্গালা এলাকার বাসিন্দাদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত সুপার নুরুল আলম আনছারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ