বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামারা। তারা বলেছেন, বর্তমান সময়ে নানা বিভ্রান্তিকর মতবাদ, অপসংস্কৃতি ও আদর্শিক চ্যালেঞ্জের মুখে কোরআন-সুন্নাহ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসৃত বিশুদ্ধ আকিদা ধারণ ও প্রচার করা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ আয়োজিত ‘উম্মতের বিশুদ্ধ আকিদার হেফাজত ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল বাসেত খান-এর সভাপতিত্বে এবং মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিল-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন ইসলামী সংগঠন ও কওমি অঙ্গনের শীর্ষস্থানীয় আলেমরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, মুসলিম উম্মাহর ঈমান ও আকিদার বিশুদ্ধতা রক্ষা করা আজ সময়ের অপরিহার্য দাবি। ভ্রান্ত মতবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সহিহ আকিদার শিক্ষা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে আলেম-উলামা, খতিব, ওয়ায়েজ ও দ্বীনি কর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, ইসলামের মৌলিক শিক্ষা প্রচার, ঈমান-আকিদার সুরক্ষা এবং বিভ্রান্তিকর চিন্তাধারার মোকাবিলায় নিয়মিত দাওয়াতি কার্যক্রম, প্রশিক্ষণ এবং জনসচেতনতামূলক উদ্যোগ আরও জোরদার করা জরুরি।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল বাসেত খান বলেন, “বিশুদ্ধ আকিদাই একজন মুমিনের ঈমান, আমল ও উত্তম চরিত্র গঠনের মূল ভিত্তি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে হলে কোরআন-সুন্নাহভিত্তিক বিশুদ্ধ আকিদা ধারণ ও তার সঠিক প্রচার অপরিহার্য।”
তিনি আকিদাগত বিভ্রান্তি থেকে সতর্ক থাকার পাশাপাশি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সহিহ আকিদা সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে আলেম-উলামা ও ইসলামপ্রিয় জনসাধারণের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিপুলসংখ্যক আলেম-উলামা, ওয়ায়েজ, মাদরাসাশিক্ষক ও দ্বীনি ব্যক্তিত্ব অংশ নেন। তাদের উপস্থিতিতে বিশুদ্ধ আকিদা সংরক্ষণ এবং ইসলামের মৌলিক শিক্ষার প্রসারে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রথম দর্পণ,ডেস্ক