আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবে ট্রাইব্যুনাল, আদালতের রায়ের আগ পর্যন্ত বহাল থাকবে কার্যক্রমে নিষেধাজ্ঞা

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৭ জুলাই ২০২৬, ০৬:০০ বিকাল
  • ৩৩৭০৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমান বলেছেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। বিচার শেষে আদালতই সিদ্ধান্ত নেবে দলটি ভবিষ্যতে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে কি না।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদুর রহমান বলেন, আওয়ামী লীগকে এখনো রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি; তবে নির্বাহী আদেশে দলটির রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ রয়েছে। তিনি জানান, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

তিনি আরও বলেন, "আওয়ামী লীগের উচিত আদালতের রায়ের জন্য অপেক্ষা করা। স্বরাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চলমান থাকার বিষয়টি জানিয়েছেন। তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে আদালত সব পক্ষের বক্তব্য ও প্রমাণ পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবেন।"

তথ্য উপদেষ্টা বলেন, যদি আদালত মনে করেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার প্রয়োজন নেই, তাহলে দলটি পুনরায় রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে। আর আদালত ভিন্ন সিদ্ধান্ত দিলে সেটিই কার্যকর হবে।

তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নির্ধারণের বিষয়টি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad