বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার কোনো ধরনের জবরদস্তির মাধ্যমে নয়, বরং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘দেশব্যাপী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণ’ এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং সুশাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। আইনের চোখে সবাই সমান—কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় অ্যাবের উদ্যোগে গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতেও এ উদ্যোগ কার্যকর অবদান রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের জনগণ বিএনপির পক্ষেই রায় দেয়। তাঁর দাবি, দেশের মানুষ মনে করে বিএনপির হাতেই গণতন্ত্র ও রাষ্ট্রের নিরাপত্তা অধিকতর সুরক্ষিত।
তিনি আরও বলেন, দেশে দুটি অপশক্তি সক্রিয় রয়েছে—একটি মুক্তিযুদ্ধবিরোধী এবং অন্যটি ২০২৪ সালের গণহত্যার সঙ্গে জড়িত। জনগণ এসব শক্তির বিপরীতে বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করে।
দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল ১০টায় পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে দুপুর ১২টায় সাভারের ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন।
অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, অ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ও কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার