বন্যা-দুর্যোগে এইচএসসি-আলিম পরীক্ষা স্থগিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের, শিক্ষামন্ত্রীর পদত্যাগও চায় সংগঠন

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৮ বিকাল
  • ৯৭৪০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশজুড়ে চলমান অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে শিক্ষা প্রশাসনের সমন্বয়হীনতা ও সাম্প্রতিক সিদ্ধান্তের সমালোচনা করে শিক্ষামন্ত্রীর নৈতিক দায় স্বীকারপূর্বক পদত্যাগের বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ষাণ্মাসিক পর্যালোচনা বৈঠকে সভাপতির বক্তব্যে এসব দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং অসংখ্য পরীক্ষার্থী নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছে না। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের জন্য বাড়তি দুর্ভোগ, নিরাপত্তা ঝুঁকি ও মানসিক চাপ সৃষ্টি করবে।

মুনতাছির আহমাদ আরও বলেন, শিক্ষা প্রশাসনের সাম্প্রতিক সমন্বয়হীনতা ও দায়িত্বহীন সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও ভোগান্তি বাড়িয়েছে। পরীক্ষা আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি ও অব্যবস্থাপনার কারণে অনেক পরীক্ষার্থী কাঙ্ক্ষিতভাবে পরীক্ষায় অংশ নিতে পারেনি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন অপরিকল্পিত ও হঠকারী সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি দায়ীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি শিক্ষামন্ত্রীর নৈতিক দায় স্বীকার করে পদত্যাগের বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। তাই দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা স্থগিত রাখা প্রয়োজন। পাশাপাশি পুনর্নির্ধারিত পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণের দাবি জানান, যাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়।

তারা বলেন, দুর্যোগের এই সময়ে মানুষের জীবন, নিরাপত্তা ও মানবিক প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রেখে পরে নতুন সময়সূচি ঘোষণা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীলসহ কেন্দ্রীয় নেতারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad