লিড ধরে রাখতে গিয়ে সর্বনাশ, টুখেলের কৌশলগত ভুলে ফাইনালের স্বপ্নভঙ্গ ইংল্যান্ডের

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, ১১:৫৮ দুপুর
  • ১০১৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে এক সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের হাতেই। কিন্তু ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে থ্রি লায়ন্সদের। ম্যাচ শেষে ইংল্যান্ডের এই পরাজয়ের জন্য সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন প্রধান কোচ টমাস টুখেল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ তাদের বিশ্লেষণে বলেছে, অতিরিক্ত রক্ষণাত্মক কৌশলই ইংল্যান্ডের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে দিয়েছে।

ম্যাচের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। গোলের পরও দলটির আক্রমণ ছিল ধারালো এবং ম্যাচের নিয়ন্ত্রণও ছিল তাদের দখলে। সে সময় আর্জেন্টিনা চাপের মধ্যে থাকলেও দ্বিতীয় গোলের জন্য আক্রমণ অব্যাহত না রেখে ধীরে ধীরে রক্ষণাত্মক কৌশলে ঝুঁকে পড়েন টুখেল।

ম্যাচের ৭২তম মিনিটে গোলদাতা গর্ডনকে তুলে সেন্টার-ব্যাক এজরি কনসাকে মাঠে নামানোর সিদ্ধান্তকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে দ্য টেলিগ্রাফ। এই পরিবর্তনের ফলে ইংল্যান্ড কাউন্টার অ্যাটাকের গতি হারায়। পরবর্তীতে আরও কয়েকটি রক্ষণাত্মক পরিবর্তন এনে কার্যত পাঁচ, পরে ছয় ডিফেন্ডার নিয়ে খেলতে শুরু করে দলটি।

এর সুযোগে বলের দখল বাড়িয়ে আক্রমণের চাপ বাড়ায় আর্জেন্টিনা। ইংল্যান্ড নিজেদের অর্ধেই গুটিয়ে যেতে বাধ্য হয়। এতে লিওনেল মেসি আরও বেশি সময় ও জায়গা পেয়ে খেলতে থাকেন। সেই সুযোগ কাজে লাগিয়ে এনজো ফার্নান্দেজ দূরপাল্লার দুর্দান্ত শটে সমতাসূচক গোল করেন।

সমতা ফেরার পরও কৌশল পরিবর্তনে দ্রুত সিদ্ধান্ত নেননি টুখেল। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আর্জেন্টিনার হাতে চলে গেলেও আক্রমণাত্মক পরিবর্তন আনতে দেরি করেন তিনি। শেষ পর্যন্ত যোগ করা সময়ে মেসির বাড়ানো বল থেকে লাউতারো মার্তিনেজের হেডে জয়সূচক গোল করে ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।

বিশ্লেষণে আরও বলা হয়েছে, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক মানসিকতা ধরে রাখলেও টুখেল লিড ধরে রাখার চেষ্টায় ইংল্যান্ডের আক্রমণের ধার ভোঁতা করে ফেলেন। ম্যাচের শেষ দিকে মার্কাস রাশফোর্ড ও আইভান টোনিকে নামানো হলেও ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড।

দ্য টেলিগ্রাফ-এর মূল্যায়ন, বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই টমাস টুখেলকে ইংল্যান্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেমিফাইনালে অতিরিক্ত সতর্ক ও রক্ষণাত্মক কৌশলই শেষ পর্যন্ত দলটির ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে দিয়েছে। ফলে ম্যাচ-পরবর্তী সমালোচনার কেন্দ্রবিন্দুতে এখন জার্মান এই কোচ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad