আ.লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের সূচনা হবে উত্তরাতেই: নাহিদ ইসলাম

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৬, ০৪:০২ দুপুর
  • ১০০১৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আওয়ামী লীগের পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা হলে উত্তরার জনগণই সবার আগে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

রোববার (২০ জুলাই) রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জুলাই গণঅভ্যুত্থানে বৃহত্তর উত্তরাসহ ঢাকা উত্তরের জনগণের বীরত্ব, আত্মত্যাগ এবং প্রতিরোধের স্মরণে এনসিপি ঢাকা মহানগর উত্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও ‘জুলাই সনদ’ কার্যকরে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “উত্তরা ছিল গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান হটস্পট এবং প্রতিরোধের দুর্গ। ছত্রিশে জুলাই উত্তরা ও যাত্রাবাড়ী থেকে গণভবনমুখী ঐতিহাসিক মার্চ শুরু হয়েছিল, যার মধ্য দিয়েই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়। উত্তরার অবদান কখনো ভোলার নয়।”

তিনি আরও বলেন, “দুই বছর আগে আজকের দিনেই আমাকে গুম করা হয়েছিল। সেদিন আরও অনেক মানুষকে গুম করা হয়। এখন আমাদের একটাই দাবি—স্বৈরাচার ও তাদের সহযোগীদের বিচার নিশ্চিত করতে হবে। বিচার না হলে ভবিষ্যতেও স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটতে পারে।”

আওয়ামী লীগের পুনর্বাসনের প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, “যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না। সাহস থাকলে তারা পালিয়ে না গিয়ে বিচারের মুখোমুখি হতো। যদি আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো চেষ্টা হয়, তাহলে সেই প্রতিরোধের সূচনা হবে উত্তরা থেকেই।”

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “বিএনপি এখন তাদের একত্রিশ দফা ভুলে গেছে। তারা ‘নোট অব ডিসেন্ট’-এর জুলাই সনদের কথা বলছে। প্রতারণার পথ পরিহার করে গণভোটে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংশোধনের আগে বিএনপির নিজেদের সংশোধন প্রয়োজন।”

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “প্রতিবেশী বদলানো যায় না—এ কথা বলা হলেও, যে প্রতিবেশী আমার পরিবারের সদস্যদের হত্যা করে, তার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখা যায় না।”

বক্তব্যের শেষদিকে তিনি চাঁদাবাজি ও মাদকমুক্ত উত্তরা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহিদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ শহিদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনের আহত যোদ্ধারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad