জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ এবং জুলাই সনদের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ দীর্ঘদিনের অপশাসন থেকে মুক্ত হয়েছে। এ আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি নির্মাণশ্রমিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বহু শ্রমিক জীবন উৎসর্গ করেছেন। সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত শ্রম সংস্কার কমিশনের সুপারিশ ও জুলাই সনদের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শ্রমিক-জনতার আত্মত্যাগ স্মরণ, গণঅভ্যুত্থানের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং নির্মাণশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় শ্রম সংস্কার কমিশনের সুপারিশ কার্যকরের দাবিতে বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে অ্যাডভোকেট আতিকুর রহমান নির্মাণ খাতে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা ও শিক্ষা সুবিধা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সরকারি উদ্যোগে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা এবং পৃথক নির্মাণশ্রমিক বোর্ড গঠনের আহ্বান জানান তিনি। বৈষম্য দূর করে শ্রমিকবান্ধব নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শ্রমিকদের আন্দোলনের মুখে ঠেলে না দিয়ে রাষ্ট্র গঠনের অংশীদার হওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি নির্মাণশ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা, উন্নত চিকিৎসা, শিক্ষা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি। তিনি চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়ে বলেন, আগামী জাতীয় বাজেটে শ্রমিকবান্ধব পদক্ষেপ গ্রহণ না করা হলে শ্রমিকসমাজ তার যথাযথ জবাব দেবে।
ফেডারেশনের সহসাধারণ সম্পাদক জামিল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা মহিবুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আব্দুস সালাম, নির্মাণ সেক্টরের সভাপতি নুরুল আমিন, ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু এবং স্টিল ইঞ্জিনিয়ারিং কর্মচারী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আবুল হাসেমসহ অন্যান্য শ্রমিক নেতা।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার