মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। একই সঙ্গে মাদক কারবারিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রদানকারীদের উৎসাহিত করতে তথ্যদাতাকে ব্যক্তিগতভাবে নগদ ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে আয়োজিত সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, পারিবারিক সহিংসতা, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশে মাদক নিয়ন্ত্রণ নয়, বরং মাদক সম্পূর্ণ নির্মূল করা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি জাতীয় সংসদে বর্তমান ‘মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর’-এর পরিবর্তে ‘মাদক নির্মূল অধিদপ্তর’ গঠনের প্রস্তাব উপস্থাপন করেছেন বলে জানান।
তিনি বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ’ শব্দটি মাদকের সীমিত ব্যবস্থাপনার ধারণা দেয়, অথচ ‘মাদক নির্মূল’ বলতে দেশে মাদকের সব ধরনের বেচাকেনা বন্ধ করে তরুণ প্রজন্মকে এই ভয়াবহ অভিশাপ থেকে রক্ষা করাকে বোঝায়।
ড. মাসুদ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকার মাদক নির্মূলের পরিবর্তে নিয়ন্ত্রণের কথা বললেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত সিন্ডিকেট সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে।
বাউফলকে মাদকমুক্ত করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, কোনো মাদক কারবারির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য দিলে তথ্যদাতাকে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, একটি নিরাপদ, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, পারিবারিক মূল্যবোধ জোরদার, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ফিরোজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার