প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নাটোরের লালপুরে বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম নাঈম হোসেন। তিনি উপজেলার ওয়ালিয়া পূর্বপাড়া গ্রামের খাকচার হোসেনের ছেলে।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে নাঈম হোসেন ওই ছাত্রীর শ্রেণিকক্ষে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি ছাত্রীটিকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আতঙ্কিত হয়ে সহপাঠীরা চিৎকার শুরু করলে বিষয়টি শিক্ষকদের নজরে আসে।

পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সাত্তারসহ কয়েকজন শিক্ষক দ্রুত শ্রেণিকক্ষে ছুটে গেলে নাঈম হোসেন দৌড়ে পালিয়ে যান।

ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, নাঈম হোসেন দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় রাস্তাঘাটে তাকে উত্ত্যক্ত করতেন।

ছাত্রীর পরিবারের সদস্যরা বলেন, বিদ্যালয়ের মতো একটি নিরাপদ স্থান থেকে যদি একজন ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তাহলে তাঁদের মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক।

ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওই যুবককে আটকের চেষ্টা করি। কিন্তু সে দৌড়ে পালিয়ে যায়। পরে বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।”

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিভাবক বা বিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad