এ লক্ষ্যে সায়েদাবাদ বাস টার্মিনালের নতুন নকশা প্রণয়ন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাস মালিক সমিতির সঙ্গে পর্যালোচনা করে নকশাটি প্রস্তুত করা হয়েছে।
বৃহস্পতিবার নগর ভবনে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে ‘সায়েদাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা’ বিষয়ে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
নতুন পরিকল্পনায় সায়েদাবাদ বাস টার্মিনালে অতিরিক্ত জায়গা নির্ধারণের পাশাপাশি এসি বাসের সার্ভিসিং ব্যবস্থা, যাত্রী ওঠা-নামা এবং সামগ্রিক টার্মিনাল ব্যবস্থাপনার জন্য আধুনিক অবকাঠামো গড়ে তোলার নকশা করা হয়েছে। সভায় ডিএসসিসি প্রশাসক দ্রুততম সময়ের মধ্যে এসব কাজ বাস্তবায়নের নির্দেশ দেন।
ডিএসসিসির প্রধান প্রকৌশলী সভায় জানান, প্রচলিত টেন্ডার প্রক্রিয়ায় কাজ বাস্তবায়ন করতে সময় লাগবে। তাই দ্রুত কাজ সম্পন্ন করার লক্ষ্যে বাস মালিক সমিতি স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য একটি প্রস্তাবনা তৈরি করে দাখিল করবে। এর মাধ্যমে দ্রুততম সময়ে টার্মিনালের উন্নয়নকাজ সম্পন্ন করে যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।
সভায় সায়েদাবাদ বাস টার্মিনালে আগত যাত্রীদের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মধ্যে টার্মিনালের ভেতরে থাকা পুরোনো মোটর গ্যারেজের স্থানে নির্মাণাধীন ভবনটি সম্প্রসারণ করে এসি বাসের কাউন্টার স্থাপনের উপযোগী করা হবে। এসি বাস কাউন্টারের প্রবেশপথ প্রশস্ত করার পাশাপাশি পার্কিং শেড ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে।
এ ছাড়া খুলনা বিভাগীয় কাউন্টার শেডের দক্ষিণ পাশে একই ধরনের আরও একটি নতুন কাউন্টার শেড নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। বর্ষাকালে যেসব কাউন্টার শেডে বৃষ্টির পানি প্রবেশ করে, সেসব স্থানে পানি প্রবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
টার্মিনালের অভ্যন্তরের পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং যাত্রীদের বিশ্রামের জন্য পর্যাপ্তসংখ্যক বেঞ্চ নির্মাণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসসিসি কর্তৃপক্ষের আশা, এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা গেলে সায়েদাবাদ বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে। একই সঙ্গে যাত্রীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স