গুম দিবস উপলক্ষে গুমের শিকার পরিবারগুলোর সদস্যদের নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। আগামী রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টায় এ কর্মসূচি পালন করবে জোটটি।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, বিগত সময়ে বিচারবহির্ভূতভাবে অনেক মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন। এসব ঘটনার বিচার এখনো হয়নি। গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারগুলোর দাবিকে সামনে রেখে আগামী ৩০ আগস্ট বিকেল ৩টায় জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য।
তিনি বলেন, গুমের শিকার পরিবারগুলোর সদস্যদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক