চার মিনিটেই উধাও ৩ হাজার বছরের প্রাচীন স্বর্ণভান্ডার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৬, ০৪:১০ দুপুর
  • ৪২৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

স্পেনের ভিলেনা শহরের একটি জাদুঘর থেকে প্রায় তিন হাজার বছরের পুরোনো ঐতিহাসিক স্বর্ণের সংগ্রহের বড় একটি অংশ চুরি হয়েছে। মাত্র চার মিনিটের অভিযানে চোরের দল ‘ট্রেজার অব ভিলেনা’ নামে পরিচিত ব্রোঞ্জ যুগের মূল্যবান প্রত্নসম্পদের বেশির ভাগ নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার ভোরে ভিলেনা জাদুঘরে এ চুরির ঘটনা ঘটে। জাদুঘরের অ্যালার্ম ভোর ৫টা ২০ মিনিটে বেজে ওঠে। এর মাত্র চার মিনিট পর, ৫টা ২৪ মিনিটে চোরেরা জাদুঘর থেকে বেরিয়ে যায়। শহর কাউন্সিলের এক মুখপাত্র ঘটনাটিকে অত্যন্ত দ্রুত ও পেশাদার অভিযান হিসেবে বর্ণনা করেছেন।

‘ট্রেজার অব ভিলেনা’ সংগ্রহে ৫০টির বেশি প্রত্নবস্তু রয়েছে। এর মধ্যে ২৯টি ব্রেসলেট, ১১টি বাটি, তিনটি বোতলসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন রয়েছে। সংগ্রহটির অধিকাংশ সামগ্রী স্বর্ণের তৈরি হলেও এতে রুপা, লোহা ও অ্যাম্বারের তৈরি নিদর্শনও রয়েছে। এসব প্রত্নবস্তু খ্রিষ্টপূর্ব প্রায় এক হাজার বছরের পুরোনো।

১৯৬৩ সালে প্রত্নতাত্ত্বিক হোসে মারিয়া সোলের ভিলেনা শহরের একটি শুকিয়ে যাওয়া নদীর তলদেশে পোঁতা পাত্র থেকে এসব প্রত্নসম্পদ আবিষ্কার করেন। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্বের কারণে এসব নিদর্শনের মূল্য নির্ধারণ করা কঠিন। তবে ভিলেনার মেয়র ফুলহেনসিও সেরদানের হিসাবে, শুধু স্বর্ণের আর্থিক মূল্য প্রায় ২০ লাখ ডলার।

জানালা দিয়ে প্রবেশ, চার মিনিটে অভিযান শেষ

আলিকান্তে প্রদেশের উপপ্রতিনিধি ম্যানুয়েল পিনেদা জানান, কয়েকটি গাড়িতে করে চোরেরা জাদুঘরের কাছে আসে। পরে তারা সম্ভবত একটি জানালা দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে।

তবে জাদুঘর কর্তৃপক্ষ দাবি করেছে, নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি ছিল না। শহর কাউন্সিলের মুখপাত্র জানান, জাদুঘরের সব নিরাপত্তাব্যবস্থা সক্রিয় ছিল এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যর্থতা ছিল না।

চুরির কিছুক্ষণ আগে শহরের একটি ক্রীড়া কেন্দ্রেও অ্যালার্ম বেজে ওঠে। জাদুঘরের নিরাপত্তাকর্মীদের অন্যদিকে ব্যস্ত রাখার উদ্দেশ্যে সেটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ভিলেনার মেয়র বলেন, চোরেরা সংগ্রহটির বেশির ভাগই নিয়ে গেছে। ঘটনাটিতে তিনি গভীর হতাশা প্রকাশ করে বলেন, এই প্রত্নসম্পদ ভিলেনার ঐতিহ্য ও সম্পদের অংশ।

ইউরোপে জাদুঘর চুরির ধারাবাহিকতা

ভিলেনার জাদুঘরে চুরির ঘটনা ইউরোপে সাম্প্রতিক সময়ে জাদুঘর ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ধারাবাহিক চুরির নতুন উদাহরণ হয়ে সামনে এসেছে।

গত অক্টোবরে প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে দিনের আলোয় প্রায় ১০ কোটি ২০ লাখ ডলার মূল্যের গয়না চুরি হয়। চোরেরা পুরো অভিযান শেষ করে আট মিনিটেরও কম সময়ে পালিয়ে যায়। ওই ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও পালানোর সময় ফেলে যাওয়া একটি মুকুট ছাড়া অন্য কোনো গয়না এখনো উদ্ধার হয়নি।

এরপর ইউরোপের বিভিন্ন জাদুঘর ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে একাধিক চুরির ঘটনা ঘটে। ইতালির সিসিলির একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের শিল্পী আন্তোনেলো দা মেসিনার চারটি মূল্যবান শিল্পকর্ম চুরি হয়েছে বলে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে।

এ ছাড়া ইতালির পারমার কাছে ম্যাগনানি-রোকা ফাউন্ডেশন জাদুঘর থেকে চুরি হওয়া রেনোয়া, সেজান ও মাতিসের শিল্পকর্মও উদ্ধার করেছে পুলিশ। এসব শিল্পকর্মের মূল্য ১ কোটি ৪ লাখ ডলারের বেশি। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সেগুলো চুরি করতে সময় লেগেছিল তিন মিনিটেরও কম।

গত মাসে ফ্রান্সের বিলাসবহুল কাচ প্রস্তুতকারক প্রতিষ্ঠান লালিকের জাদুঘরেও ভোররাতে হামলা চালিয়ে কয়েক মিলিয়ন ডলার মূল্যের গয়না চুরি করা হয়।

এ ছাড়া গত অক্টোবরে প্যারিসের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম থেকে স্বর্ণ চুরির ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে মধ্য ফ্রান্সের লিমোজ শহরের আদ্রিয়েন দুবুশে ন্যাশনাল মিউজিয়াম থেকেও কয়েক মিলিয়ন ডলার মূল্যের চীনা মাটির তৈরি তিনটি শিল্পকর্ম চুরি হয়। এসব শিল্পকর্ম ফ্রান্সের জাতীয় সম্পদ হিসেবে শ্রেণিভুক্ত ছিল।

ভিলেনা জাদুঘরে মাত্র চার মিনিটে প্রায় তিন হাজার বছরের পুরোনো প্রত্নসম্পদের বড় একটি অংশ চুরি হয়ে যাওয়ার ঘটনায় ইউরোপের জাদুঘরগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সূত্র: সিবিএস নিউজ




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad