সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে এ তথ্য জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি এলাকায় একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় অটোরিকশার চালকসহ চারজন আহত হন। আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন—ফয়জুল (৩৪), রুবেল (৩০), হৃদয় (২২) ও নাবিল (২২)।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)