সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, খুঁজে বের করবেন কোন ভিডিও ভাইরাল হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোন বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিনিময়ে মিলবে বেতন। এমন ব্যতিক্রমী কাজের জন্য ‘ডুমস্ক্রলার’ (Doomscroller) পদে কর্মী নিয়োগ দিচ্ছে ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ইনফ্লুইশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দীপাবলি উপলক্ষে প্রতিষ্ঠানটি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগের উদ্দেশ্য হলো, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা ভিডিও, নতুন ট্রেন্ড ও আলোচিত বিষয়গুলো দ্রুত শনাক্ত করে প্রতিষ্ঠানের কাছে তুলে ধরা।
প্রতিষ্ঠানটির কর্মীদের প্রকাশ করা একটি ভিডিওতে নিয়োগের বিষয়টি জানানো হয়। ভিডিওতে বলা হয়, যারা ইনস্টাগ্রাম ব্যবহার করতে ভালোবাসেন, তাদের এই কাজের জন্য পারিশ্রমিক দেওয়া হবে। নির্বাচিত কর্মীকে দিনের বড় একটি সময় রিলস দেখার পাশাপাশি কোন ভিডিও ভাইরাল হচ্ছে এবং কোন বিষয়গুলো আলোচনায় রয়েছে, তা পর্যবেক্ষণ করতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানটির প্রকাশ করা নিয়োগসংক্রান্ত ভিডিওতে ‘হাই’ লিখে মন্তব্য করতে বলা হয়েছে। উদয়পুরে অবস্থানরত প্রার্থীদের সরাসরি বার্তার (ডিএম) মাধ্যমে আবেদন করার লিংক পাঠানো হবে।
এ ছাড়া ইনস্টাগ্রামে ‘গ্যাংস অব স্টার্টআপ’ (gangsofstartup) নামের অ্যাকাউন্টের বায়োতে দেওয়া গুগল ফরম পূরণ করেও আবেদন করা যাবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, ফোন নম্বর ও ঠিকানা উল্লেখ করতে হবে। পাশাপাশি পূর্ণকালীন চাকরি নাকি ইন্টার্নশিপে আগ্রহী, কোন পদে আবেদন করছেন, বর্তমান বেতন এবং প্রত্যাশিত বেতনের তথ্য দিতে হবে। আবেদন জমা দেওয়ার আগে জীবনবৃত্তান্তও (সিভি) আপলোড করতে হবে। বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করবে প্রতিষ্ঠানটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া
গত ৪ নভেম্বর ইনস্টাগ্রামে নিয়োগসংক্রান্ত ভিডিওটি প্রকাশ করা হয়। প্রকাশের পরপরই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এনডিটিভির ৫ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি তিন লাখের বেশি বার দেখা হয়েছে। এ ছাড়া ১১ হাজারের বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যতিক্রমী এ চাকরির সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কেউ এটিকে ‘স্বপ্নের চাকরি’ বলে মন্তব্য করেছেন, আবার কেউ জানিয়েছেন, এমন সুযোগের অপেক্ষায় ছিলেন তাঁরা।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স