কোড স্ক্যান করেই ব্যাংক ও এমএফএস হিসাবে টাকা পাঠানো যাবে; টাইপ করতে হবে না হিসাব বা মোবাইল নম্বর
ব্যক্তিগত পর্যায়ে টাকা পাঠানোর জন্য চালু হয়েছে ‘বাংলা কিউআর’ কোডভিত্তিক লেনদেনসেবা। এখন থেকে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহকেরা একে অপরের ব্যক্তিগত কিউআর কোড স্ক্যান করেই সরাসরি অর্থ পাঠাতে পারবেন। এতে টাকা পাঠানোর সময় প্রাপকের ব্যাংক হিসাব নম্বর, রাউটিং নম্বর কিংবা মোবাইল নম্বর টাইপ করার প্রয়োজন হবে না।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গত ১ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, নতুন এ ব্যবস্থায় ডিজিটাল লেনদেন আরও সহজ ও দ্রুত হবে। পাশাপাশি ভুল হিসাবে টাকা পাঠানো এবং আর্থিক জালিয়াতির ঝুঁকিও কমবে।
নিজের কিউআর কোড পাবেন যেভাবেব্যক্তিগত ‘বাংলা কিউআর’ কোড পেতে গ্রাহকদের আলাদা করে আবেদন করতে হবে না। যে ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠানের সেবা ব্যবহার করেন, সেই প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপ থেকেই নিজের কিউআর কোড তৈরি ও সংগ্রহ করা যাবে।
এ জন্য সংশ্লিষ্ট অ্যাপের সর্বশেষ সংস্করণ ডাউনলোড বা আপডেট করতে হবে। এরপর অ্যাপে থাকা নির্ধারিত অপশন থেকে ব্যক্তিগত কিউআর কোড তৈরি করে অন্যের সঙ্গে শেয়ার করা যাবে।
এত দিন বাংলা কিউআর কোডের ব্যবহার মূলত দোকানে কেনাকাটা ও বিভিন্ন সেবার বিল পরিশোধের মধ্যে সীমাবদ্ধ ছিল। অর্থাৎ এটি ছিল মূলত মার্চেন্ট পেমেন্ট ব্যবস্থা। নতুন সুবিধায় ব্যক্তিগত ব্যাংক ও এমএফএস হিসাবের বিপরীতেও কিউআর কোড তৈরি করা যাবে। ফলে ব্যক্তি থেকে ব্যক্তির হিসাবে সরাসরি অর্থ স্থানান্তর সম্ভব হবে।
স্ক্যান করেই পাঠানো যাবে টাকানতুন পদ্ধতিতে টাকা পাঠাতে প্রাপকের নাম, হিসাব নম্বর বা মোবাইল নম্বর আলাদাভাবে লিখতে হবে না। প্রাপক নিজের ফোনে কিউআর কোড দেখালে প্রেরক তাঁর ব্যাংক বা এমএফএস অ্যাপ দিয়ে সেটি স্ক্যান করবেন। এরপর পর্দায় প্রদর্শিত তথ্য যাচাই করে পিন নম্বর দিলেই লেনদেন সম্পন্ন হবে।
প্রাপক দূরে থাকলেও টাকা পাঠানো যাবে। সে ক্ষেত্রে তিনি নিজের কিউআর কোডের ছবি বা স্ক্রিনশট পাঠাতে পারবেন। প্রেরক সংশ্লিষ্ট অ্যাপের গ্যালারি থেকে ছবিটি আপলোড করে একই প্রক্রিয়ায় অর্থ স্থানান্তর করতে পারবেন।
ভুল হিসাবে টাকা যাওয়ার ঝুঁকি কমবেবাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, কিউআর কোড স্ক্যান করার পর কিংবা গ্যালারি থেকে ছবি আপলোড করলে প্রাপকের নাম ও হিসাব নম্বরের সংক্ষিপ্ত তথ্য পর্দায় দেখা যাবে। ফলে লেনদেন সম্পন্ন করার আগে প্রাপকের পরিচয় যাচাই করা সম্ভব হবে। এতে ভুল ব্যক্তির হিসাবে টাকা চলে যাওয়ার আশঙ্কা কমবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের সব তফসিলি ব্যাংক, এমএফএস প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরকে (পিএসও) এ সেবা চালুর প্রস্তুতি নিতে বলা হয়েছিল। ৩১ অক্টোবরের মধ্যে নিজ নিজ অ্যাপে কিউআর কোড তৈরি, স্ক্যান এবং গ্যালারি থেকে ছবি আপলোডের সুবিধা যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়।
নতুন ব্যবস্থায় লেনদেন নিষ্পত্তি হবে বাংলাদেশ ব্যাংক পরিচালিত ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে।
ক্যাশলেস লেনদেন বাড়ানোর লক্ষ্যবাংলাদেশ ব্যাংক ১ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যক্তিগত বাংলা কিউআর সেবা দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। এ ব্যবস্থায় একজন গ্রাহক অন্যজনের কিউআর কোড স্ক্যান করে সহজে ও নিরাপদে অর্থ পাঠাতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, ব্যক্তিপর্যায়ে অর্থ স্থানান্তরের এ সুবিধা দৈনন্দিন লেনদেনে নগদ টাকার ব্যবহার কমাবে। পাশাপাশি ডিজিটাল পেমেন্টের প্রসার, আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্যাশলেস লেনদেনের অভ্যাস গড়ে তুলতেও ভূমিকা রাখবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)