রোববার রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রধান এসব কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতা গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যে বিএনপি সরকার জনপ্রিয়তার তলানিতে পৌঁছেছে। ঢাকা-চট্টগ্রাম লংমার্চের মাধ্যমে প্রমাণ হয়েছে, দেশের জনগণ সরকারের বর্তমান কর্মকাণ্ড সমর্থন করছে না।
রাশেদ প্রধানের অভিযোগ, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে। গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।
দেশের বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সারের সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ বলেও দাবি করেন জাগপার এই নেতা। তাঁর অভিযোগ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে এবং প্রশাসনে দলীয়করণ চরমে পৌঁছেছে।
তিনি আরও বলেন, নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বিএনপি সরকার যুবসমাজের সঙ্গে প্রতারণা করেছে। বিভিন্ন সংকটে কলকারখানা বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়ছে।
যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান বাবলা, শ্রমবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগরের সভাপতি এস এম জিয়াউল আনোয়ার ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

প্রথম দর্পণ,ডেস্ক