বিএনপিকে ‘পোষা বিরোধী দল’ প্রত্যাশা না করার আহ্বান সারজিসের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ বিকাল
  • ৫৪৩৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নিজস্ব কর্মসূচিতে এনসিপি, বাধা দিলে পরিণতি ভালো হবে না—সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনোভাবেই জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হিসেবে রাজনীতি করবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বিএনপিকেও এনসিপিকে নিয়ে এমন প্রত্যাশা না করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, এনসিপি নিজেদের রাজনৈতিক কর্মসূচি নিজেরাই নির্ধারণ করবে। বিএনপি যদি এসব কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে তার পরিণতি ভালো হবে না।

বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, এনসিপি কীভাবে কর্মসূচি পালন করবে, সে বিষয়ে তাদের কোনো পরামর্শের প্রয়োজন নেই। এনসিপির সাম্প্রতিক কর্মসূচিকে কেউ ‘লং মার্চ’, কেউ ‘রোড মার্চ’, আবার কেউ ‘লং ড্রাইভ’ বলছেন উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার কর্মসূচিকে যেভাবে অভিহিত করা হয়েছে, একই বিবেচনায় এনসিপির কর্মসূচিকেও দেখতে হবে।

বিএনপির অতীত আন্দোলনের সমালোচনা করে সারজিস বলেন, বিরোধী দল হিসেবে বিএনপি সফল হতে পারেনি। ‘মার্চ টু ডেমোক্রেসি’ কর্মসূচির সময় একটি বালুর ট্রাক দিয়েই তাদের লং মার্চ আটকে দেওয়া হয়েছিল। ওই ট্রাক সরাতেও তারা সক্ষম হয়নি। ফলে সে সময়ের ব্যর্থ বিরোধী দলের কাছ থেকে এনসিপিকে রাজনৈতিক কর্মকাণ্ডের নির্দেশনা নিতে হবে না।

এনসিপির এক নেতার বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গে সারজিস বলেন, ওই নেতা প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে যে ভাষা ব্যবহার করেছিলেন, তা এনসিপি সমর্থন করেনি। এ ঘটনায় দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছিল। তবে বিএনপি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ করেছে এবং গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তার দাবি, ওই নেতা এখনো জামিন পাননি।

তারেক রহমানের বাকস্বাধীনতা নিয়ে দেওয়া বক্তব্যের সমালোচনা করে সারজিস বলেন, একদিকে স্বাধীনভাবে সমালোচনার কথা বলা হচ্ছে, অন্যদিকে সমালোচনা করলেই মামলা, গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনা ঘটছে। এটি গ্রহণযোগ্য নয়।

সিফাত নামে ওই তরুণের ব্যবহৃত গালিগালাজকে এনসিপি সমর্থন করে না জানিয়ে সারজিস বলেন, তার বিরুদ্ধে করা মামলাটি ‘মিথ্যা’। মামলাটি সন্ত্রাসবিরোধী আইনে করা হয়েছে এবং প্রায় এক বছর আগের ঘটনার সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবির। সদস্য সচিব মাইনুল আহসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু, দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারসহ পিরোজপুরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad