বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী কলেজবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—কক্সবাজারের ঈদগাঁও বাসস্ট্যান্ডের নূর জাহান প্লাজার মালিক ও পোকখালী ইউনিয়নের গোমাতলীর বাসিন্দা ফেরদৌস আলম ফিরোজ, মাইক্রোবাসচালক মুন্না এবং মাইজপাড়ার বজল মেম্বারের চাচাতো বোন মিফতা। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরযাত্রীদের নিয়ে উখিয়া থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাসটি কর্ণফুলী কলেজবাজার এলাকায় পৌঁছায়। এ সময় একটি কাভার্ডভ্যান হঠাৎ ইউটার্ন নিলে দ্রুতগতির মাইক্রোবাসটি সেটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

কর্ণফুলী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad