সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনের বক্তব্যকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম হাসু ও তার পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য ও বিভিন্ন অভিযোগ তুলে ধরেন আশরাফুল ইসলাম হাসুর ভাই আরিফুল ইসলাম (হাসান)। এ সময় তিনি তার ভাইয়ের বিরুদ্ধে প্রকাশিত ও প্রচারিত বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানিয়ে বলেন, ঘটনাটির সঙ্গে আশরাফুল ইসলাম হাসু কিংবা তাদের পরিবারের সদস্যদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
আরিফুল ইসলাম (হাসান) বলেন, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সলঙ্গা থানার অন্তর্গত সি.আর.বি.সি বাজার এলাকায় আব্দুল হাকিম ও তার ছেলে শামীম একটি হোটেল স্থাপন করেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হোটেলটি সরকারি সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে দখল করে স্থাপন করা হয়েছিল।
তিনি জানান, বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসী সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট অফিসে অভিযোগ করেন। অভিযোগের পর সংশ্লিষ্ট দপ্তর থেকে হোটেলটি তিন দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে হোটেল বন্ধ না করায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে হোটেলটি ভাঙচুর করে সেখানে কাঁচাবাজার বসানোর উদ্যোগ নেয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
আরিফুল ইসলাম বলেন, হোটেল ভাঙচুরের সময় আমার ভাই মো. আশরাফুল ইসলাম হাসুসহ আমরা কেউ সেখানে উপস্থিত ছিলাম না। অথচ পরবর্তীতে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরো বলেন, আশরাফুল ইসলাম হাসু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার হয়েছেন। রাজনৈতিক পরিচয় ও সামাজিক অবস্থানকে কেন্দ্র করে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সন্মেলনে আশরাফুল ইসলাম হাসু, আহম্মদ আলী, আনোয়ার হোসেন সুরতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোঃ জাকির হোসাইন,সম্পাদক