দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মীর হেলালের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ রাত
  • ১৪৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
একাত্তরের পরাজিত শক্তি এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। বাংলাদেশবিরোধী কোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়।

মীর হেলাল বলেন, গত ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘পরাজিত ফ্যাসিস্ট দেশকে অস্থিতিশীল করার রাজনীতিতে লিপ্ত।’ নিষিদ্ধ কোনো সংগঠন দেশের প্রচলিত আইনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের ভূমিকা নিয়েও সমালোচনা করেন মীর হেলাল। তাঁর ভাষ্য, বিরোধী দল একেক সময় একেক ধরনের বক্তব্য দিচ্ছে। সংসদের ভেতরে তাদের এক ধরনের ভূমিকা, বাইরে আরেক ধরনের। তিনি তাদের ‘বহুরূপী ষড়যন্ত্রে’ লিপ্ত বলে মন্তব্য করেন।

চট্টগ্রামের ছাত্র ও যুবসমাজ দেশের গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতেও চট্টগ্রামের মানুষ শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় স্বার্থের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে।

সহিংসতা না চাওয়ার কথা বিএনপি নেতাদের

সমাবেশে প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, তারা কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা চান না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি বলেন, জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। জ্বালাও-পোড়াও ও ঝটিকা মিছিলের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরানোর স্বপ্ন বাস্তবায়িত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ‘ষড়যন্ত্র নয়, জনগণের ঐক্যই বাংলাদেশের শক্তি।’ বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্যকে দেশের অগ্রযাত্রার ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু অভিযোগ করেন, একটি মহল দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে।

সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি সরকারকে হুমকি দিচ্ছে। যারা এ ধরনের হুমকি দিচ্ছেন, তারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ইকবাল হোসেন, জিয়াউর রহমান জিয়া, সিরাজুল ইসলাম ভূঁইয়া, রাজিব উদ্দিন আকন্দ, আসিফ চৌধুরী লিমন, জিএ সালাহউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশের আগে সংগঠনগুলোর নেতাকর্মীরা চট্টগ্রাম নগরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad