কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে—এমন আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের ৭৩ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক। কুইনিপিয়াক ইউনিভার্সিটির এক সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া ৭৩ শতাংশ মার্কিনি জানিয়েছেন, এআইয়ের সম্ভাব্য হুমকি নিয়ে তারা উদ্বিগ্ন। তাদের মধ্যে ৩৮ শতাংশ ‘অত্যন্ত উদ্বিগ্ন’ এবং ৩৫ শতাংশ ‘কিছুটা উদ্বিগ্ন’। বিপরীতে, ২৫ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, এ নিয়ে তারা উদ্বিগ্ন নন।
এআই নিয়ন্ত্রণের পক্ষেও ব্যাপক সমর্থন পাওয়া গেছে জরিপে। ৮৬ শতাংশ মার্কিনি মনে করেন, এআই কোম্পানিগুলোকে স্বাধীন নিরাপত্তা মানদণ্ড পূরণে বাধ্য করা উচিত। এমনকি এতে এআই প্রযুক্তির উন্নয়ন কিছুটা ধীর হয়ে গেলেও এ ধরনের নিরাপত্তাব্যবস্থা থাকা প্রয়োজন বলে মনে করেন তারা।
জরিপে এআই প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের প্রতিও মানুষের আস্থার ঘাটতির চিত্র উঠে এসেছে। ৭৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, এআই প্রতিষ্ঠানগুলোর নেতাদের ওপর তাদের ‘সামান্য বা কোনো আস্থা নেই’।
এ ছাড়া ৫৩ শতাংশ মার্কিনি মনে করেন, এআই দৈনন্দিন জীবনে উপকারের তুলনায় বেশি ক্ষতি করবে।
গত ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে কুইনিপিয়াক ইউনিভার্সিটি এ জরিপ পরিচালনা করে। এতে ১ হাজার ২০২ জন প্রাপ্তবয়স্ক মার্কিনি অংশ নেন। জরিপের ফলাফলে সম্ভাব্য ভুলের সীমা (মার্জিন অব এরর) প্লাস বা মাইনাস ৩ দশমিক ৫ শতাংশ পয়েন্ট।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স