আখতারুজ্জামানের গ্রেপ্তারে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে: গোলাম পরওয়ার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০ বিকাল
  • ২২৭৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিশোধের কারণে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, বিমানবন্দরের ঘটনাটি গ্রেপ্তারের মূল কারণ নয়; বরং সেটিকে মামলা ও গ্রেপ্তারের ‘উপলক্ষ’ হিসেবে ব্যবহার করা হয়েছে।

রোববার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

‘রাজনৈতিক ইঙ্গিতেই মামলা’

গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের ঘটনার পর বিরোধী দলের নেতাকর্মী, বিশেষ করে জামায়াতে যোগ দেওয়ায় মেজর (অব.) আখতারুজ্জামানের প্রতি ক্ষমতাসীন দলের যে আক্রোশ ছিল, সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ হিসেবে ঘটনাটিকে ব্যবহার করা হয়েছে। তাঁর অভিযোগ, গুরুত্বপূর্ণ মহলে আলোচনা করে পরে রাজনৈতিক ইঙ্গিতেই মামলা করা হয়েছে।

তিনি বলেন, যে ধারায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি জামিনযোগ্য। এরপরও প্রথম দিন জামিন দেওয়া হয়নি। রোববার রিমান্ড শেষে আদালতে হাজির করে জামিনের আবেদন করা হলেও তা নামঞ্জুর করা হয়েছে।

আখতারুজ্জামান কারাবিধি অনুযায়ী ডিভিশন পাওয়ার যোগ্য দাবি করে গোলাম পরওয়ার বলেন, এ বিষয়ে আদালতে আবেদন করা হলেও কোনো আদেশ দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, এর পেছনে রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে।

আদালতে হামলার অভিযোগ

গোলাম পরওয়ারের অভিযোগ, আদালতে আখতারুজ্জামানকে নিয়ে বিএনপির আইনজীবীরা বিশৃঙ্খলা ও হাতাহাতিতে জড়িয়েছেন এবং জামায়াতের নেতাকর্মী ও তাঁর স্বজনদের ওপর হামলা করেছেন। তিনি এটিকে আওয়ামী লীগ সরকারের সময়ের ঘটনার পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে দেশে-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা ক্ষুব্ধ হয়ে তাঁকে মুক্তি না দিলে আবারও রেমিট্যান্স ‘শাটডাউন’ করার হুমকি দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

নিঃশর্ত মুক্তির দাবি

জামায়াতের সেক্রেটারি জেনারেল সরকারকে অবিলম্বে বিমানবন্দরের অব্যবস্থাপনা তদন্তে কমিটি গঠন, বিমানমন্ত্রীসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া এবং ৭৫ বছর বয়সী অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে কারাগারে তাঁকে ডিভিশন দেওয়ারও দাবি করেন।

তিনি বলেন, আদালতের বিধি অনুযায়ী যথাসময়ে জামিনের আবেদন করা হবে এবং আইনি লড়াইয়ে কোনো ঘাটতি রাখা হবে না।

বিমানবন্দরের ঘটনা নিয়ে পাল্টা অভিযোগ

এজাহারে আখতারুজ্জামানের বিরুদ্ধে কাউকে মারধর বা শারীরিকভাবে লাঞ্ছিত করার যে অভিযোগ আনা হয়েছে, তা অস্বীকার করেন গোলাম পরওয়ার। তাঁর দাবি, বিমানবন্দরে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য ও ভিডিও ফুটেজে এ অভিযোগের সত্যতা নেই।

তিনি বিমানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।

গোলাম পরওয়ারের দাবি, বিমানবন্দরের এক্সিকিউটিভ ডিরেক্টরকে সংসদ সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে তিনি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। এরপরও তাঁর মাধ্যমেই মামলা করানো হয়েছে। এ ঘটনাকে তিনি সরকারের উচ্চপর্যায়ের রাজনৈতিক ইঙ্গিতে করা মামলা বলে দাবি করেন।

হ্যান্ডক্যাপ-হেলমেট পরানো নিয়েও ক্ষোভ

আখতারুজ্জামানকে হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানোরও সমালোচনা করেন গোলাম পরওয়ার। তাঁর ভাষ্য, কারাবিধি অনুযায়ী দুর্ধর্ষ আসামি, খুনি-ডাকাত বা পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে—এমন আসামিদের ক্ষেত্রে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়।

তিনি প্রশ্ন করেন, মেজর (অব.) আখতারুজ্জামান কি খুনি, ডাকাত কিংবা পালিয়ে যাওয়ার মতো আসামি? নিজেকে প্রথম শ্রেণির নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে তাঁর সঙ্গে এমন আচরণের নিন্দা জানান জামায়াত নেতা।

গ্যাসের দাম বাড়ানোরও প্রতিবাদ

প্রেস ব্রিফিংয়ে গ্যাসের দাম বৃদ্ধিরও সমালোচনা করেন গোলাম পরওয়ার। তাঁর দাবি, সরকার ছয় মাসে তিনবার তেল, বিদ্যুৎ ও সিলিন্ডারের দাম বাড়িয়েছে। তিনি গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সিন্ডিকেট ও মেগা প্রকল্পের নামে আয়ের বিভিন্ন ক্ষেত্র তৈরি করা হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, মহানগর উত্তরের আমির সেলিমউদ্দিন এবং উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad