উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা, মেধা ও নতুন ধারণার বিকাশ ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, উৎপাদনশীলতা একটি চলমান প্রক্রিয়া। এর কোনো চূড়ান্ত সীমা নেই। কম কর্মঘণ্টায় অধিক ও উন্নতমানের উৎপাদন অর্জনই উৎপাদনশীলতার মূল লক্ষ্য।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্ভাবনী প্রদর্শনী পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের মহাপরিচালক মো. নায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল ড. মো. মোকসেদ আলী, অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘উৎপাদনশীলতা একটি সংস্কৃতি। যে দেশগুলো এই সংস্কৃতি গ্রহণ করেছে, তারা ধারাবাহিকভাবে উন্নতি করেছে।’ একজন ব্যক্তি কম কর্মঘণ্টায় বেশি আউটপুট অর্জন করবেন—এটাই উৎপাদনশীলতার মূল কথা বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, উৎপাদনশীলতা সবসময়ই একটি আপেক্ষিক বিষয়। এতে প্রতিনিয়ত আরও উন্নতির সুযোগ রয়েছে।
কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও মেধার প্রশংসা করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রদর্শনীতে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী ধারণা ও চিন্তাশক্তি তাকে অনুপ্রাণিত করেছে। এসব ধারণার অনেকগুলো এখনো যন্ত্র বা বাস্তব পণ্যে রূপ নেয়নি। তবে ভবিষ্যৎ উদ্ভাবনের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে।
মন্ত্রী বলেন, ভালো উদ্ভাবনী ধারণার জন্য যারা স্বীকৃতি পেয়েছে, তাদের নিয়ে পরবর্তী সময়ে বসা হবে। কোন ধারণাগুলো বাণিজ্যিকভাবে প্রয়োগযোগ্য এবং স্টার্টআপ হিসেবে অর্থায়ন করা সম্ভব, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে।
তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে সরকার সহযোগিতা করতে চায় উল্লেখ করে তিনি বলেন, কোনো শিক্ষার্থী ভালো ধারণা নিয়ে এগিয়ে এলে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তার পাশে থাকবে।
এ সময় বিসিআইসি কলেজকে আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন শিল্পমন্ত্রী। শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তি, সিসিটিভি, প্রজেক্টরসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
পরে মন্ত্রী উদ্ভাবনী মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক