রোববার সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
বিজিবি সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে ঘুমধুম বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘জামালের ঘের’ এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
অন্যদিকে, রোববার ভোর আনুমানিক ৪টার দিকে বাইশফাঁড়ি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার-৩৫ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারীদের ফেলে যাওয়া মালিকবিহীন অবস্থায় আরও এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দুই অভিযানে উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ দুই লাখ পিস।
গ্রেপ্তার দুজন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা
বিজিবির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইসলাম (২৫) ও মো. মোজিবুল্লাহ (২৩)। তাঁরা দুজনই কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮-এর বাসিন্দা।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদকমুক্ত সীমান্ত গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধার করা ইয়াবাসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা এক লাখ ৯০ হাজার পিস ইয়াবার বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক