আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মঙ্গলবারের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
উপকূলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারেআবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আমার দেশকে বলেন, গত শুক্রবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায়ের মধ্য দিয়ে বর্ষা মৌসুমের অবসান ঘটেছে। তবে এর অর্থ এই নয় যে দেশে আর বৃষ্টি হবে না। বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
তিনি বলেন, উত্তর ও দক্ষিণ দিকের বায়ুর সংমিশ্রণে আগামী বুধবার থেকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে।
সন্দ্বীপে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ ডিগ্রিরোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে, ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই দিন রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
অক্টোবর-নভেম্বরে বৃষ্টির সম্ভাবনাআবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, দেশের মোট বৃষ্টিপাতের প্রায় ৭২ শতাংশ হয় বর্ষাকালে। তবে অক্টোবর ও নভেম্বর মাসেও বঙ্গোপসাগরে লঘুচাপ কিংবা ঘূর্ণিঝড় সৃষ্টি হলে বৃষ্টিপাত হতে পারে।
মৌসুমি বায়ু বিদায়ের পর বাতাসের আর্দ্রতা কমে আসায় ভ্যাপসা গরমের অস্বস্তি কিছুটা কমেছে। তবে সম্ভাব্য লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিশেষ করে উপকূলীয় অঞ্চলের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে।

প্রথম দর্পণ,ডেস্ক