জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে কোনো ছাত্রসংগঠন ছাত্রলীগের মতো আচরণ করলে তাদেরও রাজপথে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিতুমীর কলেজ ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানটির আয়োজন করে ছাত্রশিবিরের তিতুমীর কলেজ শাখা।
ছাত্রদলের ভূমিকার স্বীকৃতিবক্তব্যে জাহিদুল ইসলাম আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী ছাত্রসংগঠনগুলোর ওপর নির্যাতন এবং জুলাই গণ-অভ্যুত্থানে তাদের ভূমিকার কথা তুলে ধরেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রদলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। ২০১৫ সালে টানা ছয় মাস কারাগারে থাকার সময় ছাত্রদল ও যুবদলের অনেক নেতাকর্মীকে পঙ্গু ও গুরুতর আহত অবস্থায় দেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।
জুলাই আন্দোলনে ছাত্রদলের ভূমিকার স্বীকৃতি দিয়ে জাহিদুল ইসলাম বলেন, তাদের অবদানকে তাঁরা স্বীকার করেন এবং তাঁদের প্রতি ভালোবাসা রয়েছে।
‘ছাত্রলীগের মতো হলে ছাড় নয়’অভ্যুত্থান-পরবর্তী রাজনীতি প্রসঙ্গে সতর্ক করে সাবেক এই ছাত্রনেতা বলেন, জুলাইয়ের পর কোনো ছাত্রসংগঠন ছাত্রলীগের মতো আচরণ করলে তা মেনে নেওয়া হবে না। ছাত্রলীগকে যেভাবে প্রতিহত করা হয়েছে, সে ধরনের পদক্ষেপ নেওয়ার অভিজ্ঞতা তাঁদের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তাঁর বক্তব্য অনুযায়ী, কোনো সংগঠন ছাত্রলীগের মতো হয়ে উঠতে চাইলে তাদের বিরুদ্ধেও একই ধরনের প্রতিরোধ গড়ে তোলা হবে।
পড়াশোনা শেষে ক্যাম্পাস ছাড়ার আহ্বানক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের দীর্ঘদিন অবস্থান করার প্রবণতারও সমালোচনা করেন জাহিদুল ইসলাম। তাঁর মতে, চার বা পাঁচ বছরের শিক্ষাজীবন শেষ হলে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছেড়ে যাওয়া উচিত।
কিন্তু কিছু ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বছরের পর বছর ক্যাম্পাসে অবস্থান করার সংস্কৃতি গড়ে তুলেছেন বলে মন্তব্য করেন তিনি। এ সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন বলেও উল্লেখ করেন সাবেক এই ছাত্রনেতা।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক