ডেঙ্গুতে ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৩ বিকাল
  • ৩৭৬০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ১,৩৬৬ জন, হাম ও উপসর্গে নতুন রোগী ১,২৫৯

দেশে ডেঙ্গু ও হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। অন্যদিকে, হাম ও এর উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ২৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এসব তথ্য জানানো হয়।

ডেঙ্গুতে চলতি মাসে ১১২ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রামে ১০৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১১০ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া খুলনায় ১৪১ জন, ময়মনসিংহে ৮০ জন, রাজশাহীতে ১২৮ জন, রংপুরে ৭২ জন ও সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। এর মধ্যে অক্টোবরের প্রথম ২০ দিনেই মারা গেছেন ১১২ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৯৭ জন।

ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৯ শতাংশ নারী।

হাম ও উপসর্গে শিশুমৃত্যু ১২০৪

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৭ শিশু। পাশাপাশি নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪২ জনের। সব মিলিয়ে নতুন রোগীর সংখ্যা ১ হাজার ২৫৯।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২০৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০০ শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে হাম ও এর উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯৬৭। এর মধ্যে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৯৯ জনের।

গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৪৯৯ জন রোগী পাওয়া গেছে। এ বিভাগে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৪ জনের। এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে মোট ১ লাখ ৮৪ হাজার ১৬৮ শিশু।

তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পৃথক সংবাদ বিজ্ঞপ্তি;




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad