মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক কিউএস এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর এ র্যাঙ্কিং প্রকাশ করে। এতে এশিয়ার ২৬টি দেশের মোট ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
প্রকাশিত তালিকায় এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৩৬তম অবস্থানে থেকে দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৬তম স্থান অর্জন করেছে। গত বছরও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে ছিল প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অবস্থান আনন্দ ও গর্বের বিষয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রাখা শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।
তিনি বলেন, শুধু আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অবস্থান ধরে রাখাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য নয়। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করতে কাজ চলছে।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ সমৃদ্ধ করা, গবেষণার সুযোগ-সুবিধা বাড়ানো, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বৈশ্বিক মানের দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। এসব লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণে একাধিক সূচক বিবেচনা করা হয়। এর মধ্যে রয়েছে একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষকের সংখ্যা, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত। এসব সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সামগ্রিক অবস্থান নির্ধারণ করে কিউএস।

প্রথম দর্পণ,ডেস্ক