ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনয়জীবনের প্রথম সম্মানী পেয়েছিলেন পাঁচ হাজার টাকা। কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘রহস্য’ নাটকে অভিনয়ের জন্য পাওয়া সেই অর্থ এখনো স্মৃতি হিসেবে যত্ন করে রেখেছেন তিনি। প্রথম উপার্জনের টাকাটি মায়ের হাতে তুলে দিয়েছিলেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বিনোদন জগতে পরিচিতি পান বিদ্যা সিনহা মিম। তবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে প্রায় দুই বছর ধরে মিডিয়ায় কাজের চেষ্টা করেছিলেন তিনি। শুরুর দিকে অভিনয়ের প্রস্তাব পেলেও নায়িকা চরিত্রে অভিনয়ের আগ্রহ থেকে কিছু প্রস্তাব ফিরিয়ে দেন।
একপর্যায়ে অভিনেতা জাহিদ হাসানের বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েও রাজি হননি মিম। পরে তাঁর প্রথম চলচ্চিত্রে জাহিদ হাসানকেই সহশিল্পী হিসেবে পান তিনি।
হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমের। প্রতিষ্ঠিত নির্মাতার সঙ্গে কাজের সুযোগকে অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখেন তিনি। নতুন হিসেবে শুরুর দিকে কিছুটা জড়তা থাকলেও হুমায়ূন আহমেদ তাঁকে স্বাভাবিক হতে সহায়তা করেছিলেন বলে স্মৃতিচারণায় জানিয়েছেন অভিনেত্রী।
লাক্স প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর মডেলিংয়ের মাধ্যমে কাজ শুরু করেন মিম। এরপর নাটকে অভিনয়ের সুযোগ পান। হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘রহস্য’ নাটকটি ছিল তাঁর প্রথম দিকের কাজগুলোর একটি। এ নাটকে অভিনয়ের জন্যই পাঁচ হাজার টাকা সম্মানী পান তিনি।
পরবর্তী সময়ে ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন মিম। ২০০৯ সালে মুক্তি পায় তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘আমার প্রাণের প্রিয়া’। এরপর ‘জোনাকির আলো’, ‘তারকাঁটা’, ‘ইত্তেফাক’, ‘পদ্ম পাতার জল’, ‘অন্তর্জাল’, ‘পরাণ’ ও ‘দামাল’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘পরাণ’ ও ‘দামাল’-এর মতো ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মাধ্যমে।
অভিনয়জীবনের শুরুতে পাওয়া পাঁচ হাজার টাকার সেই সম্মানী এখনো তাঁর কাছে বিশেষ স্মৃতি। সময়ের সঙ্গে কাজের পরিধি ও পারিশ্রমিক বাড়লেও শুরুর দিনের সেই প্রাপ্তি ভুলে যাননি অভিনেত্রী।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স