তেলেগু ছবিতে মামাকে বিয়ে, বয়স্ক নায়কের সঙ্গে রোমান্স—তিক্ত অভিজ্ঞতা জানালেন রাধিকা

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ দুপুর
  • ৩২৪৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পিতৃতান্ত্রিক গল্প ও চরিত্র নিয়ে অসন্তোষ, সামাজিক মাধ্যমে শুরু বিতর্ক

দক্ষিণী চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। একটি তেলেগু ছবিতে তাঁর চরিত্রকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। একই ছবিতে নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার বিপরীতে রোমান্টিক দৃশ্যেও অভিনয় করতে হয়েছিল তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী চলচ্চিত্রে কাজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রাধিকা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী কীর্তি সুরেশ।

সাক্ষাৎকারে রাধিকা বলেন, দক্ষিণী চলচ্চিত্রে কাজ করার সময় একটি তেলেগু ছবিতে অভিনয় করেছিলেন, যার গল্প ও চরিত্র কোনোটিই তাঁর পছন্দ ছিল না। ছবিটিকে নিজের অভিনয়জীবনের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি উল্লেখ করে তিনি বলেন, সেখানে তাঁর চরিত্রকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল।

এ প্রসঙ্গে কীর্তি সুরেশ মন্তব্য করেন, তামিল ও তেলেগু সংস্কৃতিতে মামাতো-পিসতুতো ভাইবোন কিংবা মামার সঙ্গে বিয়ের সম্পর্কের বিষয়টি পরিচিত।

রাধিকা আরও জানান, ছবিটিতে তাঁকে নিজের তুলনায় অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। পুরো চলচ্চিত্রের পরিবেশ ছিল অত্যন্ত পিতৃতান্ত্রিক। এর পাশাপাশি ছবির মাঝপথেই তাঁর চরিত্রকে মেরে ফেলা হয়।

শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অভিনেত্রী বলেন, নায়ক তাঁকে কাঁধে তুলে অ্যাকশন দৃশ্যের শুটিং করতেন। তখন তিনি শুধু অপেক্ষা করতেন, কখন তাঁর চরিত্রটির মৃত্যু ঘটবে।

ছবির নাম নিয়ে দর্শকদের আলোচনা

সাক্ষাৎকারে রাধিকা ছবিটির নাম প্রকাশ করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দর্শক ধারণা করছেন, তিনি ২০১৪ সালে মুক্তি পাওয়া পরিচালক বয়াপাটি শ্রীণুর তেলেগু সিনেমা ‘লেজেন্ড’-এর কথা বলেছেন। ওই ছবিতে নন্দমুরি বালাকৃষ্ণের বিপরীতে অভিনয় করেছিলেন রাধিকা।

ছবিটি মুক্তির সময় বালাকৃষ্ণের বয়স ছিল ৫৪ বছর এবং রাধিকার বয়স ছিল ২৯ বছর। পরবর্তী সময়ে ২০১৫ সালে ‘লায়ন’ ছবিতেও বালাকৃষ্ণের সঙ্গে অভিনয় করেন তিনি।

রাধিকার মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশের প্রশ্ন, ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে চিত্রনাট্য ও সহশিল্পীর বয়স সম্পর্কে তাঁর জানা ছিল কি না। তাঁদের মতে, জেনেশুনে ছবিতে অভিনয়ের পর কয়েক বছর পেরিয়ে এমন সমালোচনা কতটা যৌক্তিক, তা বিবেচনার বিষয়।

অন্যদিকে অনেকের মতে, দক্ষিণী বাণিজ্যিক সিনেমার পুরোনো পিতৃতান্ত্রিক গল্প বলার ধরন এবং নায়ক-নায়িকার বয়সের বড় ব্যবধান নিয়ে শিল্পীদের খোলামেলা আলোচনা করা প্রয়োজন।

তবে এ বিষয়ে রাধিকা আপ্তে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ছবির নাম উল্লেখ করে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি।

তথ্যসূত্র: ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম জুমকে দেওয়া রাধিকা আপ্তের সাক্ষাৎকার।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad