বুধবার (৪ নভেম্বর) সকালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় বিদ্যুৎ বিতরণ সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত রিচার্জ কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এ সময় রিচার্জ সেবা বন্ধ থাকলে বা ব্যাহত হলে যেন বিদ্যুৎ ব্যবহারে সমস্যা না হয়, সে জন্য নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার অনুরোধ জানানো হয়েছে।
যেসব মিটারে সমস্যা হতে পারে
ডেসকো জানিয়েছে, রিচার্জ সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা সব প্রি-পেইড মিটার গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেসব গ্রাহকের মিটার নম্বর ০৩ দিয়ে শুরু, কেবল তাঁরাই এ সমস্যার মুখে পড়তে পারেন।
সিস্টেম আপগ্রেডেশনের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। এ সময়ে রিচার্জসংক্রান্ত সমস্যা বা অন্য কোনো প্রয়োজনে ডেসকোর ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক