পবিত্র ওমরাহ পালনের স্বপ্ন পূরণে আর্থিক সীমাবদ্ধতা দূর করতে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে কুইজ ও লটারিতে অংশ নিয়ে সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের প্যাকেজ জেতার সুযোগ পাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা।
গত ১ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। প্রতিযোগিতার আওতায় প্রতিদিন লটারির মাধ্যমে একজন বিজয়ী নির্বাচন করা হবে। বিশেষ সুযোগ হিসেবে প্রত্যেক বিজয়ী নিজের সঙ্গে পরিবারের একজন সদস্য অথবা পছন্দের অন্য একজনকে বিনা খরচে ওমরাহ পালনের জন্য নিতে পারবেন।
প্যাকেজে থাকছে যেসব সুবিধা
প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের ওমরাহ পালনের যাবতীয় নির্ধারিত ব্যয় বহন করবে সৌদি সরকার। প্যাকেজের আওতায় থাকছে নিজ দেশ থেকে সৌদি আরবে যাওয়া-আসার বিমান টিকিট, ওমরাহ ভিসা প্রক্রিয়াকরণ এবং পবিত্র মক্কা ও মদিনায় ১০ রাত হোটেলে থাকার ব্যবস্থা।
অর্থাৎ প্রতিদিন একজন বিজয়ীর পাশাপাশি তাঁর মনোনীত একজনও বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ পাবেন।
এ ছাড়া প্রতিদিনের লটারিতে আরও ১০ জন অংশগ্রহণকারীকে দেওয়া হবে জমজমের পানির বিশেষ কার্ড। প্রতিটি কার্ডে থাকবে ২০টি কুপন। এর মধ্যে ১০টি নিজের ব্যবহারের জন্য এবং বাকি ১০টি অন্যদের উপহার দেওয়ার সুযোগ রয়েছে।
যেভাবে অংশ নেবেন প্রতিযোগিতায়
বিশ্বের বিভিন্ন দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী মুসলমানরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এজন্য প্রথমে স্মার্টফোনে নুসুকের অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে।
নিবন্ধনের সময় আবেদনকারীকে নিজের নাম, ইমেইল ঠিকানা, দেশ ও পাসপোর্টসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর ইমেইলে পাঠানো এককালীন পাসওয়ার্ড বা ওটিপি কোডের মাধ্যমে অ্যাকাউন্ট যাচাই করতে হবে।
নিবন্ধন সম্পন্ন হলে অ্যাপের ‘গেম সেন্টার’ অথবা ‘নুসুক চ্যালেঞ্জ’ বিভাগে গিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। সেখানে ইসলামিক ইতিহাস, পবিত্র কোরআন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন এবং ওমরাহসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতাদের নাম প্রতিদিনের লটারির জন্য বিবেচিত হবে।
এ ছাড়া ইনভাইট কোড ব্যবহার করে বন্ধু ও পরিবারের সদস্যদের প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালে অতিরিক্ত ডিজিটাল চাবি পাওয়ার সুযোগ রয়েছে। এসব চাবি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অতিরিক্ত সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।
বিজয়ী হলেই নিশ্চিত হবে ওমরাহ
প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই ওমরাহ প্যাকেজ পাওয়া নিশ্চিত নয়। প্রতিদিন লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। তাই অংশগ্রহণকারীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে কুইজে অংশ নিতে হবে।
এ ক্ষেত্রে প্রতারণা এড়াতে শুধু নুসুকের অফিশিয়াল অ্যাপ ও যাচাইকৃত মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নিবন্ধন, ব্যক্তিগত তথ্য প্রদান কিংবা কুইজে অংশ নেওয়ার আগে অ্যাপের সত্যতা ও প্রতিযোগিতার শর্তাবলি যাচাই করাও জরুরি।
তথ্যসূত্র: আজকের পত্রিকা, ৭ নভেম্বর ২০২৬; সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ সম্পর্কিত প্রকাশিত প্রতিযোগিতার তথ্য।

প্রথম দর্পণ,ডেস্ক