৩১ ডিসেম্বরের মধ্যে সিএএ আবেদন নিষ্পত্তির ঘোষণা শুভেন্দুর

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ বিকাল
  • ৭৫৫৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ, অপেক্ষায় প্রায় আড়াই লাখ আবেদন

বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে যাওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি করে যোগ্য ব্যক্তিদের নাগরিকত্বের সনদ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গের নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় বর্তমানে প্রায় আড়াই লাখ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) নদিয়ার আরংঘাটায় একটি কালীপূজার মণ্ডপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ সময় শুভেন্দু অধিকারী জানান, নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে প্রশাসনিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো যোগ্য আবেদনকারী যেন বাদ না পড়েন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনেক আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নথি যাচাই ও শুনানি শেষ করে নাগরিকত্ব প্রদানের কাজ এগিয়ে নিতে চায় তার সরকার।

নথি যাচাই ও শুনানিতে প্রশাসনিক উদ্যোগ

মুখ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মহকুমাশাসকদের তত্ত্বাবধানে আবেদনকারীদের নথি যাচাই ও শুনানি অনুষ্ঠিত হবে। প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন নিষ্পত্তির পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে গত ১ নভেম্বর উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে দ্বিতীয় আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনেও ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন নিষ্পত্তির সময়সীমা ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। ওই অনুষ্ঠানে তাঁর দাবি ছিল, পশ্চিমবঙ্গে ইতোমধ্যে প্রায় ২৫ হাজার মানুষ সিএএর আওতায় নাগরিকত্ব পেয়েছেন।

মতুয়া ও উদ্বাস্তু সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ ইস্যু

বাংলাদেশ থেকে ভারতে যাওয়া মতুয়া সম্প্রদায়সহ বিভিন্ন উদ্বাস্তু জনগোষ্ঠীর কাছে নাগরিকত্বের বিষয়টি দীর্ঘদিনের দাবি। বিশেষ করে নদিয়া ও উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকায় এ ইস্যুর সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে।

এ অবস্থায় প্রায় আড়াই লাখ আবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির ঘোষণা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে গুরুত্ব পেয়েছে।

তবে আবেদন জমা দিলেই নাগরিকত্ব নিশ্চিত হবে না। সংশোধিত নাগরিকত্ব আইনের নির্ধারিত যোগ্যতা পূরণ এবং প্রয়োজনীয় নথি যাচাই-বাছাইয়ের পরই কেবল যোগ্য আবেদনকারীদের নাগরিকত্বের সনদ দেওয়া হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad