তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে বুধবার সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে বাংলাদেশের জলবায়ু কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্বনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
বুধবার দিনভর সম্মেলনস্থলে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিবের সঙ্গে তার সাক্ষাৎ হয়।
এ ছাড়া উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
বুধবার রাতে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রীর নেতৃত্বকে রূপান্তরমূলক হিসেবে দেখছেন বিশ্বনেতারা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিভিন্ন দেশের বিশ্বনেতারা রূপান্তরমূলক (ট্রান্সফরমেটিভ) হিসেবে বিবেচনা করছেন। প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের প্রতিনিধিত্বকারী বাংলাদেশের গণতান্ত্রিক ম্যান্ডেট এবং নতুন নেতৃত্বের ভূমিকার প্রতি আন্তর্জাতিক মহল গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান নির্বাচনে ম্যান্ডেট পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তাঁরা।
বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা
ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।
সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ওআইসির মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা জানান তিনি।
কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।
এ ছাড়া লন্ডনের মেয়রের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়। দীর্ঘদিন লন্ডনে অবস্থানের কারণে মেয়র তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আজ প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভাষণ
কপ-৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ সংরক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে এ ভাষণের মধ্য দিয়ে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। ফলে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, অভিযোজন কার্যক্রম এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতে কপ-৩১ সম্মেলনকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক