ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ, প্রথম ধাপে চূড়ান্ত হবেন ১১২ জন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০২:১১ দুপুর
  • ৭৪৯২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
শূন্য অভিবাসন ব্যয়ে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা, প্রথম ধাপে ৪ হাজার ২৯টি আবেদনের বিপরীতে লটারিতে নির্বাচিত ৩০০ জনের দক্ষতা যাচাই চলছে

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ডিসেম্বরের আগেই কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করতে চায় সরকার। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে পর্যায়ক্রমে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের জন্য ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের চূড়ান্ত বাছাই চলছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মালয়েশিয়ায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী নির্বাচন ও নিয়োগ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

তিনি জানান, ডিসেম্বরের আগেই নিয়োগসংক্রান্ত সব প্রক্রিয়া সম্পন্ন করে কর্মী পাঠানো শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএলের সহযোগিতা পাওয়া গেলে দ্রুত এ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে।

৪ হাজার ২৯টি আবেদনে লটারিতে নির্বাচিত ৩০০ জন

বোয়েসেল সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

আবেদনকারীদের সমান সুযোগ এবং বাছাইপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হয়। এতে দুটি পদে মোট ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাঁদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

সরাসরি পরীক্ষা নেবে মালয়েশিয়ার প্রতিনিধি দল

চূড়ান্ত প্রার্থী নির্বাচনের জন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। দলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করবে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক বলেন, বাছাইপ্রক্রিয়ায় বোয়েসেলের কোনো হস্তক্ষেপ নেই। নিয়োগকারী প্রতিষ্ঠানই যোগ্যতা ও দক্ষতা বিবেচনায় চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে। ফলে নিয়োগের ক্ষেত্রে পেশাগত যোগ্যতা ও ব্যবহারিক সক্ষমতাই হবে প্রধান বিবেচ্য বিষয়।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার বা কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া গেছে। এসব চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে কর্মী পাঠানোর কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

অভিবাসন ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান

এই নিয়োগ কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, কর্মীদের বিদেশ যেতে কোনো অভিবাসন ব্যয় বহন করতে হবে না। নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেলও নিয়োগকারী প্রতিষ্ঠান কিংবা কর্মীদের কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না।

এ বিষয়ে রাশেদুল হক বলেন, ‘শূন্য মানে শূন্য।’ কোনো পর্যায়ে দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তি অর্থ দাবি করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি প্রার্থীদের কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার আহ্বান জানান।

দক্ষ কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্য

সংবাদ সম্মেলনে রাশেদুল হক বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বোয়েসেল নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে। এ ক্ষেত্রে নিয়োগের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। সাধারণ শ্রমিক যেন নিজের শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কাজের সুযোগ পান, তা নিশ্চিত করতে চায় সরকার।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad